টঙ্গীতে ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। কিন্তু আগুন আরও ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
গাজীপুরের টঙ্গীর মিলগেট ন্যাশনাল টিউব রোডের ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে লাগা এ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান।
ইকবাল বলেন, মঙ্গলবার সকালে টঙ্গী পূর্ব থানার টিউব রোডে ডেসটিনির পরিত্যক্ত ইলেকট্রনিক্স মালামালের একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। কিন্তু আগুন আরও বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও উত্তরার ফায়ার স্টেশনের পাঁচ ইউনিটের কর্মীরা গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
