১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোল বন্দরের পণ্যাগারে আগুন, বড় ক্ষতি থেকে রক্ষা

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে রাখা আমদানি পণ্যের কাগজপত্র এবং কিছু আমদানি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেনাপোল বন্দরের পণ্যাগারে আগুন, বড় ক্ষতি থেকে রক্ষা

রাত সাড়ে ১০টার দিকে বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 09:22 AM

Updated : 21 Oct 2022, 09:22 AM

যশোরের বেনাপোল স্থলবন্দরে একটি পণ্যাগারের অফিস কক্ষে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে।

বন্দরের কর্মকর্তারা বলছেন, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে দেশের সবচেয়ে বড় এ স্থলবন্দর।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে আগুন লাগে। খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে বন্দরের ৩২ নম্বর কেমিকেল পণ্যগারের অফিস কক্ষে আগুন লাগে।পরে আগুন অফিস কক্ষ থেকে ছড়িয়ে পড়ে পণ্যাগারে। তবে আগুন খুব বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে রাখা আমদানি পণ্যের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।পণ্যাগারের কিছু আমদানি পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান রতন কুমার।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মনিরুজ্জামান বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে পারায় ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি।কিছু কাগজপত্র পুড়েছে। তবে বিস্তারিত এখনই বলা সম্ভব না।”

বেনাপোল বন্দর দিয়েই দেশের স্থল বাণিজ্যের ৮০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়। প্রতিদিন দুই লাখ মেট্রিকটন মালামাল ওঠানো ও নামানো হয় এ বন্দরে। ২০২১-২০২২ অর্থবছরে এই আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে ৪ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার।