শোলাকিয়ায় জায়নামাজ ছাড়া অন্য কিছু নিতে মানা
“মেটাল ডিটেক্টরে পরীক্ষার পর আর্চওয়ে দিয়ে মাঠে প্রবেশ করতে হবে সবাইকে।”
কিশোরগঞ্জের প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এখানে অনুষ্ঠিত হবে ১৯৬তম ঈদুল আজহার জামাত।
বুধবার সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “সুষ্ঠুভাবে জামাতে অংশগ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় একাধিক চিকিৎসক দল কাজ করবে। এ ছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও তৈরি থাকবে।”
ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জেলা পুলিশ সুপার মো. রাসেল শেখ বলেন, “ছয়টি ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পর্যবেক্ষণে থাকবে চারটি ড্রোন ক্যামেরা। মেটাল ডিটেক্টরে পরীক্ষার পর আর্চওয়ে দিয়ে মাঠে প্রবেশ করতে হবে সবাইকে।
“জায়নামাজ ছাড়া অন্য কোনোকিছু নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করতে পারবেন না কেউ।”
পুলিশ, র্যাব, বিজিবি ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার।
ঈদগাহ মাঠে কাতার সোজা করার জন্য দাগ কাটাও সম্পন্ন হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর মাঠের সীমানা প্রাচীরে সবশেষ তুলির আঁচড়ে রংয়ের প্রলেপ দেওয়ার কাজও শেষ।
মাঠজুড়ে সামিয়ানা টানানোর পাশাপাশি মাইক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
দূর-দূরান্তের মানুষদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।
কথিত আছে, ১৮২৮ সালে প্রথম ঈদুল ফিতরের জামাতে এ মাঠে সোয়া লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’; যা বিবর্তিত হয়ে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পেয়েছে।
