২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিরামপুরে এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ তুঙ্গে

একটি ফেইসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে সংসদ সদস্য মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন।

হরিরামপুরে এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ তুঙ্গে

সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক মো. ফরিদ মোল্লা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 09:12 PM

Updated : 26 Jun 2023, 09:12 PM

মানিকগঞ্জের হরিরামপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুপক্ষ।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষে সোমবার সংবাদ সম্মেলন করেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক মো. ফরিদ মোল্লা। তিন দিন আগে শুক্রবার সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

একটি ফেইসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে হরিরামপুরে সংসদ সদস্য মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিলেন গত বুধবার।

বুধবার সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজার, যাত্রাপুর গ্রাম এবং হরিরামপুর উপজেলা চত্বরে এই দুপক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়।

সংবাদ সম্মেলনে দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

মমতাজ বেগমের পক্ষে সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক মো. ফরিদ মোল্লা।

তিনি বলেন, গত ২৩ জুন শুক্রবার বেলা ৩টায় হরিরামপুর উপজেলা চত্বরে সংবদ সম্মেলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। ওই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করেন, তাকে নাকি হত্যার ষড়যন্ত্র করছেন কণ্ঠশিল্পী ও স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম।

“এসব মিথ্যা কথা বলে সংবাদ সম্মেলনে তিনি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মমতাজ বেগমের নামে অপ-প্রচার করে বেড়াছেন।”

নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়ে উপজেলার চেয়ারম্যান হয়ে দেওয়ান সাইদুর রহমান বিএনপি ও জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেন ফরিদ মোল্লা।

দেওয়ান সাইদুর রহমানকে দলীয় কোনো কর্মকাণ্ডে দেখা যায় না; এমনকি তার অনুসারীদেরকেও আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো প্রোগ্রামে পাওয়া যায় না বলে মন্তব্য করেন ফরিদ।

ফরিদ অভিযোগ করেন, তিনি [দেওয়ান সাইদুর রহমান] হরিরামপুরে একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছেন। সাম্প্রতি হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু মহালের সরকার নির্ধারিত এলাকা অতিক্রম করে বালু উত্তোলন করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও গ্রামবাসীরা মানববন্ধন করতে চাইলে উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের ছেলে নবীনূর দেওয়ানের ক্যাডার বহিনী দিয়ে দলীয় নেতাকর্মীদের শতশত মানুষের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করেন।

দলীয় ভাবমূর্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি যাতে না হয় সে জন্য এখেই তার [দেওয়ান সাইদুর রহমান] বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের আহ্ববায়ক আব্দুল রাজ্জাক রাজা, যুগ্ম- আহবায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম ও হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান আরও উপস্থিত ছিলেন।

Image

হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

উপজেলা চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেন শুক্রবার

হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।

লিখিত বক্তব্যে সাইদুর রহমান বলেন, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী হন। এ নির্বাচনকে কেন্দ্র করে এমপি মমতাজ বেগমের লোকজন ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের মারধর করেছে।

“এমপি মহোদয় যদি বলতেন তিনি সভাপতি হবেন তাহলে সেখানে আমি নির্বাচনে যাইতাম না।”

নির্বাচনে বিনা কারণে সাইদুর রহমানের লোকজনকে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

সাইদুর বলেন, “আমি কখনও এমপির বিরোধিতা করি নাই, দুবার তার পক্ষে নির্বাচন করেছি। যখন থেকে আমি এমপি নির্বাচন করার ঘোষণা দেই তখন থেকে আমার সাথে যারা থাকেন বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের এমপি মমতাজ বেগমের লোকজন মারধর করছেন।”

সম্প্রতি পদ্মা নদীর বালু মহাল ইজারা দিলে সর্বোচ্চ দরে তিনি ইজারা পান উল্লেখ করে সাইদুর বলেন, “তখন এমপির একজন পিএস এবং আবিদ নামের একজনও টেন্ডার জমা দেন। আমি ইজারা পেলে এমপির লোকজন বিরোধিতা করে, আমার লোকজনকে মারধর করছে।”

ধুলসুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী কালামকে মেরে রক্তাক্ত করেছে অভিযোগ করে তিনি বলেন, “কালামকে মামলার আসামি করল, অথচ গাজী কালাম মামলা দিলে মামলা নিল না। আমার ছেলের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিল।”

সাইদুরের লোকজনের বিরুদ্ধে এমপির লোকজন তিনটি মামলা দিয়েছে বলে জানান তিনি। 

“এমপি বিএনপির লোকজন নিয়ে রাজনীতি করছেন। এমপি অনুসারী ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর ছাত্রদল থেকে এসেছে। আমি ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এমপি মমতাজ বেগমই দায়ী থাকবেন।”

হরিরামপুরে সর্বস্তরের জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবার ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলী, বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী তারেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ ও বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

মানিকগঞ্জে এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের হামলার পাল্টাপাল্টি, আহত ৬