মানিকগঞ্জে এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের হামলার পাল্টাপাল্টি, আহত ৬
তিনটি সংঘর্ষে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও এক ছাত্রলীগ নেতাসহ ছয়জন আহত হয়েছেন; এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
ফেইসবুকে পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে এক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন।
বুধবার সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজার, যাত্রাপুর গ্রাম এবং হরিরামপুর উপজেলা চত্বরে বিক্ষিপ্তভাবে এ ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।
ওসি জানান, তিনটি হামলায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও এক ছাত্রলীগ নেতাসহ ছয়জন আহত হয়েছেন। হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে আটকদের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ দেওয়ান, তার বোন আসমা, ইউসুফ দেওয়ানের সঙ্গে থাকা আব্দুল রাজ্জাক, বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক অসীম মিয়া, সাবেক ইউপি সদস্য ও ধূলসুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও নিরঞ্জন।
উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ানকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ ফেইসবুকে শেয়ার হলে সেখানে মন্তব্য করেন ইউসুফ দেওয়ান। সে মন্তব্য ঘিরেই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ায়।
আহতদের মধ্যে ইউসুফ দেওয়ান ও অসীম মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এবং আবুল কালাম ও নিরঞ্জন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। দুটি পক্ষের মধ্যে বিবাদ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ দেওয়ান বলেন, “ফেইসবুকের একটি পোস্টে মন্তব্য করায় এবং সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে রাজনীতি করার অভিযোগে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে উপজেলা চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা করেছে। তাদের হামলায় রাজ্জাক, আমার বোন ও আমি আহত হয়েছি।”
অন্যদিকে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক অসীম মিয়ার অভিযোগ, যাত্রাপুর গ্রামে তাকে মারধর করেন উপজেলা চেয়ারম্যানের ছেলে নবীনুর দেওয়ানসহ চেয়ারম্যানের লোকজন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানের বলেন, “উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ান বার বার ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আজ ছাত্রলীগ নেতা অসীম এবং শরিফকে মারধর করেছে। শ্রমিক লীগের আহ্বায়ক ও তার বোনকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে জখম করেছে। এ ঘটনার বিচার দাবি করছি।”
তবে লুতফর রহমানের বিরুদ্ধেও মারধরের অভিযোগ এনেছেন সংঘর্ষে আহত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম।
তিনি বলেন, “আমি উপজেলায় যাচ্ছিলাম। উপজেলা চত্বরে যাওয়া মাত্র ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন অতর্কিত হামলা করে আমাকে রক্তাক্ত করেছে। কেন হামলা করেছে, তা বলতে পারব না।”
যদিও লুতফর রহমান ইউপি সদস্য আবুল কালামের ওপর কোনো হামলার কথা তিনি অস্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ানের মোবাইল নম্বরে টেলিফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে দেওয়ান সাইদুর রহমান বলেন, “আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। কেউ প্রমাণ করতে পারবে না যে সে চাঁদাবাজি করে।”
