সুন্দলপুরের নতুন কূপে গ্যাস, ২০ বছর তোলা যাবে
বাপেক্সের হিসাবে, এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ নামে একটি নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
কূপটির দুটি স্তরে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে। আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স)।
সংস্থাটির হিসাবে, এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন এক কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
সোমবার বিকালে কূপে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি বলেন, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ আছে কি না, তা জানতে আরও ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্স জানায়, সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটি খনন করা হয়েছে। ত্রিমাত্রিক সিসমিক জরিপের প্রতিবেদনের ভিত্তিতে এ কাজ শুরু হয়।
বাপেক্সের বিজয়-১০ রিগ দিয়ে ৮ জুলাই কূপটির খনন শুরু হয়। তিন হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করে দুটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
