২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

হত্যাকাণ্ডে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রাজিয়া নাসের ২৫০ শয্যা জেলা হাসপাতাল

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 03:59 PM

Updated : 07 Jan 2023, 03:59 PM

বাগেরহাটের কচুয়ায় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

শনিবার সকাল দশটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। 

নিহত ৫২ বছরের মোজাহের মোল্লা ওই গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে। 

নিহতের ভাতিজা আজিজুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী মহিদ শেখ ও ইয়াকুব শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তার জেরে শনিবার সকাল দশটার দিকে মহিদ ও ইয়াকুবের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে আসে। 

“এ সময় আমার চাচা মোজাহের ঘরের উঠানে নামলেই তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিহতের ভাতিজা। 

বাগেরহাট রাজিয়া নাসের ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস এম এ জব্বার ফারুকী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “মৃত অবস্থায় মোজাহের মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” 

পুলিশ সুপার আরিফুল হক সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।