২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বিভাগীয় সভাপতির কার্যালয় ভাঙচুর, মারধরের হুমকির অভিযোগ

যার বিরুদ্ধে অভিযোগ, সেই সহকারী প্রক্টর হাকিমুল হকও একই বিভাগে শিক্ষক।

রাবিতে বিভাগীয় সভাপতির কার্যালয় ভাঙচুর, মারধরের হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিভাগের সভাপতির কার্যালয়ের টেবিল ভাঙা কাঁচ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 09:12 PM

Updated : 01 Nov 2022, 09:12 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিভাগের সভাপতির কার্যালয় ভাঙচুর এবং তাকে মারধরের হুমকির অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিভাগীয় অধ্যাপক ইসমাত আরা বেগম। 

তিনি একই বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক হাকিমুল হকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। 

অধ্যাপক ইসমাত আরা বেগম বলেন, “সকালে ওই শিক্ষক আমার কার্যালয়ে একটি চিঠি স্বাক্ষর করাতে আসেন। প্রসঙ্গক্রমে তাকে আগের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে বলি নতুবা চিঠিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাই। একপর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও স্বাক্ষর দেওয়ার জন্যে লাঠি দিয়ে মারধরেরও হুমকি দেন। এমনকি ভারী বস্তু দিয়ে জোরালো আঘাত করে টেবিলের গ্লাস ভেঙে ফেলেন।” 

বিভাগীয় সভাপতি আরও অভিযোগ করেন, ১৬ অক্টোবরও হাকিমুল হক তার সঙ্গে কুরুচিপূর্ণ ব্যবহার করেন। বেশ কিছু দিন থেকেই বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। সহকারী প্রক্টর হওয়ার পর এ ধরনের আচরণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। 

সহকারী প্রক্টর হাকিমুল হক বলেন, “এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গতকাল সারারাত আমার একটি প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলাম। সেই প্রজেক্ট পেপারটি আমি একজনের মাধ্যমে তার কাছে স্বাক্ষর করতে পাঠাই। কিন্তু তিনি চিঠিতে স্বাক্ষর করেননি। বিভাগের চেয়ারম্যান হিসেবে এটি তার রুটিন দায়িত্ব এবং তা পালন করার কথা।” 

তিনি আরও বলেন, “এর আগেও তিনি আমার ছুটির দরখাস্ত ফরওয়ার্ড করেননি। আজ আমাদের ডিনের একটা চিঠিতেও স্বাক্ষর করেননি। তিনি আসলে মানসিকভাবে অসুস্থ। তার সঙ্গে আরও একজন আছেন। এই দুই অসুস্থ লোকের কাজই হলো যেকোনোভাবে একটা ইস্যু তৈরি করা।” 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, তিনি এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।