এক টানে উঠে এল ১৭০ মণ ইলিশ
সাগরে জাল ফেলার পর প্রথম টানেই এত ইলিশ ওঠে যে আবুল খায়েরের মনে হচ্ছিল জাল বুঝি ছিঁড়ে যাবে।
গভীর সমুদ্রে ফেলা জালে এক টানেই উঠে এসেছে ১৭০ মণ ইলিশ।
গত ২০ অগাস্ট লক্ষ্মীপুর জেলার রামগতির আবুল খায়ের নামে এক জেলের জালে এই পরিমাণ ইলিশ উঠে আসে।
শনিবার বিকালে ১৭০ মণ ইলিশ নিয়ে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে পৌঁছেন তিনি। সেখানে মিথুন এন্টারপ্রাইজ নামের একটি আড়তে ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে এসব মাছ।
বন্দরের ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে এফবি রিভার মেড ট্রলারের আবুল খায়েরের হালেই সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়েছে।
আবুল খায়ের সাংবাদিকদের জানালেন তার ইলিশ শিকারের গল্প।
তিনি বলেন, “এবার সাগরে ইলিশ ধরতে যাওয়ার জন্য কোনো টাকা ছিল না আমার।
স্থানীয় মহাজনের কাছে স্ত্রীর গয়না বন্ধক রেখে আট লাখ টাকা জোগাড় করি। সেই টাকা দিয়েই মাছ ধরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করি। এরপর গত ২০ অগাস্ট মাঝিসহ ১৭ জেলে নিয়ে সাগরে যাই।”
সাগরে জাল ফেলার পর প্রথম টানেই এত ইলিশ ওঠে যে আবুল খায়েরের মনে হচ্ছিল জাল বুঝি ছিঁড়ে যাবে।
তিনি বলেন, “এসব মাছ নিয়ে মহিপুর আড়তে মেপে দেখি ১৭০ মন বিভিন্ন সাইজের ইলিশ পেয়েছি। আমি খুব খুশি, কারণ স্ত্রীর গয়না বন্ধক রেখে অর্থ জোগাড় করেছিলাম। তাই নিজের কাছেই খারাপ লাগছিল।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি মৌসুমে ইলিশ একটু দেরিতে ধরা পড়ছে, তবে যেগুলো ধরা পড়ছে সেগুলোর আকার ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে অন্য জেলেদের জালেও বড় সাইজের বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।”
মিথুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিথুন দাস জানান, ১৭০ মণ ইলিশ আড়তে নামিয়ে আবার গভীর সমুদ্রে ছুটে গেছেন আবুল খায়ের।
তার জালে ধরা পড়া এসব মাছ ৪৮ হাজার করে এক মন, ৪২ হাজার করে ৫৭ মন, ৩৩ হাজার করে ৬৮ মন, ২৭ হাজার করে ৯ মন এবং ১৫ হাজার করে ৩৫ মন মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।
