২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা নদীতে ভেসে উঠল নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ

“মরদেহ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 03:32 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্বপাশে যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান।  

মৃত আবুবক্কার সিদ্দিক (১২) উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহর ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

পরিদর্শক আব্দুল বারিক বলেন, “আবুবক্কার মাদ্রাসায় থেকেই পড়াশুনা করতো। শুক্রবার সকালে সে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে বিকালে সে বাইসাইকেলে করে আবারও মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার থানায় জিডি করেন।”

“সকালে ঘটনাস্থলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেটি উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল নদীতে হওয়ায় নৌ-পুলিশ ঘটনার তদন্ত করবে।”

সিরাজগঞ্জ সদর থানা নৌ পুলিশের এসআই আলতাফ হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে। নৌ পুলিশ মামলাটির তদন্ত করবে।