১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৬ জেলেকে জরিমানা

মৎস্য কর্মকর্তা জানায়, অভিযানে জেলেদের কাছ থেকে সাড়ে ৪২ মণ মাছ জব্দ করা হয়।

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৬ জেলেকে জরিমানা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪২ মণ মাছ জব্দ করা হয়। 

সোমবার দুপুরে এ তথ্য জানান জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা। 

তিনি বলেন, রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। একইসঙ্গে ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহণ ও মজুদও নিষিদ্ধ। 

“আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানা ও উভয় দণ্ড দণ্ডিত করার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কমলনগর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড রোববার রাতে নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় সাড়ে ৪২ মণ মাছসহ ১৬ জনকে আটক করা হয়।“ 

জব্দ করা ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। 

জব্দ করা ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য কর্মকর্তা তুর্য বলেন, এছাড়া তাদের কাছ থেকে চারটি মাছ ধরার নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানা, দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

“কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় আটক জেলেদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।” 

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পর আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়। তাদের নৌকাগুলো জব্দ করে রাখা হয়েছে।”