নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আসামি ১৪
পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগ পলাতক থাকলেও তার ভাইসহ চারজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদল নেতাকে হত্যার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৪ জনকে আসামি করে মামলা হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, নিহতের ভাই মহিবুর রহমান বাদী হয়ে গত বুধবার বিকালে মামলাটি দায়ের করেন। এক নম্বর আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত আলী পলাতক থাকলেও তার ভাইসহ চারজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাসমত আলী আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
নিহত মাহবুবুল আলম (৩৩) একই ইউনিয়নের সিংড়াটি এলাকার আবু হানিফার ছেলে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার সকালে দুপ্তার ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় থেকে মাহবুবুলকে তুলে নিয়ে যান হাসমত আলী ও তার লোকজন। পরে হাসমতের বাড়ির একটি কক্ষে নির্যাতন চালিয়ে মাহবুবুলকে হত্যা করা হয়।
মাহবুবুল আলমের মরদেহ বুধবার বিকালে জানাজা শেষে স্থানীয় পাঁচরুখী মাদরাসার কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদসহ অন্যরা অংশ নেন।
