কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ কনস্টেবল আটক
“ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে অটোরিকশরা চালক শামসুলকেও আটক করা হয়।”
কক্সবাজারে এক পুলিশ কনস্টেবল ও এক অটোরিকশা চালককে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা (ডিএনসি) জানান, সদরের ঝিলংজা এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
জাহাঙ্গীর (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার আমির হোসেনের ছেলে অটোরিকশা চালক শামসুল আলম (৩২)।
পুলিশ জানায়, জাহাঙ্গীর জজ কোর্টে কর্মরত। এর আগে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজুল বলেন, “গোপন তথ্যে ঝিলংজায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তখন তার ব্যাগে তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
“তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে এ সময় অটোরিকশরা চালক শামসুলকেও আটক করা হয়।”
জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএনসির সহকারী পরিচালক।
