২ বছর পর চালু হল ঝালকাঠির যমুনা বার্জ ডিপো
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় ১৯৯৩ সালে যমুনা অয়েল এই ভাসমান বার্জ ডিপোটি স্থাপন করে।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর চালু হল ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো।
রোববার দুপুরে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) মো. জসিম উদ্দিন ডিপোটির কার্যক্রম উদ্বোধন করেন।
ডিপো সংশ্লিষ্টরা জানান, মেরামতজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর প্রথম দিনেই ডিপোতে সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুদ করা হয়েছে। একই দিনে ছয়জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এ ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, “ডিপোতে জ্বালানির কোনো সংকট নেই। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরবরাহ স্বাভাবিক রাখতে কোম্পানি বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা, ঝালকাঠি পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ, ডিপো সুপার মো. আবুল বাশার।
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় ১৯৯৩ সালে যমুনা অয়েল এই ভাসমান বার্জ ডিপোটি স্থাপন করে। ডিপোটির ধারণক্ষমতা ৪১৫ কিলোলিটার (প্রায় ৩৪৯ টন); যা এ অঞ্চলে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
