০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জীবন থেকে ছুটি

“বাড়ির পাশের পুকুরের পাড়ে দুইজনের জুতা ভাসতে দেখে পুকুরে ঝাঁপ দেন।"

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 04:56 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই মো. আব্দুস সামাদ জানান।

মৃতরা হলো-উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে নাসির (১০) ও একই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে জাহিদ (১০)।

তারা দুজনই কাওরাইদ স্টেশন এলাকায় ‘দারুল উলুম মাদ্রাসার’ হেফ্জ বিভাগের ছাত্র ছিল বলে পুলিশ জানায়।

নাসিরের চাচা রতন মণ্ডল বলেন, “বৃহস্পতিবার মাদ্রাসায় ঈদের ছুটি দিলে নাসির ও জাহিদ বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। তারা দুজন কাইয়ুমের নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল।

“এ সময় পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরের কোনো খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে তার মা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে দুইজনের জুতা ভাসতে দেখে তিনি পুকুরে ঝাঁপ দেন।"

পরে নাসির ও জাহিদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান নাসির।

এসআই আব্দুস সামাদ বলেন, স্বজনদের আবেদনে দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।