সাতক্ষীরার মাটিবাহী যানের চাপায় শিশু নিহত
অবৈধ যান দিয়ে মাটি বহন করে রাস্তা কর্দমাক্ত করায়, দুর্ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভ করেন স্থানীয়রা।
বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মাটিবাহী এক যানের চাপায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গয়ড়া কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা।
নিহত ছয় বছরের মুনতাহিনা চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
ওসি নাসির উদ্দিন মৃধা জানান, আলমগীর হোসেন তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে গয়ড়া কলেজ মোড়ে পৌঁছালে মাটিবাহী একটি যান তাদের ধাক্কা দেয়। এতে তারা দু‘জনই রাস্তায় পড়ে যান। এ সময় মাটিবাহী যানটির চাপায় মুনতাহিনা মারা যায়।
এদিকে দিনের বেলা এধরনের অবৈধ যান দিয়ে মাটি বহন করে রাস্তা কর্দমাক্ত করায়, এলাকায় দুর্ঘটনা বেড়ে যাওয়া এবং শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেন স্থানীয়রা।
পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ওসি।
