২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শ্বশুরকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

এ ছাড়া দোষীকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 11:57 PM

Updated : 15 Jun 2023, 11:57 PM

ফরিদপুরে সাবেক শ্বশুরকে হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ফরিদপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন ছাড়াও দোষীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা না দিলে আরও ৬ মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আলামিন (৪১) জেলার সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ডাঙ্গী গ্রামের তোতা মিয়ার মেয়ের সঙ্গে আলামিনের বিয়ে হয়। এরপর থেকেই আলামিন যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন।

মামলার এজাহারে বলা হয়, জুয়া খেলা ও মাদকের টাকার জন্য বাবাবাড়ি থেকে টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দেন আলামিন। কিন্তু এতে অপারগতা প্রকাশ করলে স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন আলামিন।

নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি ফরিদপুরের নোটারি পাবলিকের মাধ্যমে আলামিনকে তালাক দেন তার স্ত্রী। এ ঘটনায় আলামিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর চারদিন পর সাবেক শ্বশুরবাড়িতে গিয়ে মধ্যরাতে তোতা মিয়াকে টিউবয়েলের মাথা দিয়ে আঘাত করেন আলামিন। এতে তোতা মিয়া গুরুতর আহত হন; পরে মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় আলামিনকে এ সাজা দিয়েছে আদালত।