নাটোরে যুবলীগ নেতা হত্যায় জামায়াত-শিবিরের ১৩ জনের যাবজ্জীবন
২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি নাটোরের লালপুরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুলকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
নাটোরের লালপুরের যুবলীগ নেতা খায়রুল ইসলাম হত্যা মামলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসলাম সরকার।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন না। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, লালপুর উপজেলার পুকুর পাড়া চিলান এলাকার করিম, মতি সরদার, মকলেছ সরদার, মহসিন, খলিল, রানা, আনিসুর, রাজ্জাক, জার্জিস, কালাম, মিজানুর রহমান, সানা এবং কদিম চিলান গ্রামের আকুল কালাম আজাদ।
তারা সবাই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
এদের মধ্যে মহসিন নাটোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং তার পিতা মকলেছ সরদার কদম চিলান ইউনিয়ন জামায়াতের বর্তমান আমির।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আসলাম সরকার জানান, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর সাজার রায় হয়।
এর জের ধরে নাটোরের লালপুর উপজেলার কদম চিলার গ্রামের ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুলের বাড়িতে হামলা চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এ সময় তারা খায়রুলকে গুলি ও কুপিয়ে হত্যা করে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও পেট্রোল ঢেলে নিহত ও তার চাচা আব্দুল জলিলের বাড়িতে আগুন দেয় এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
এ ছাড়াও বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল জলিলের স্ত্রী মাজেদা বেগমকেও কুপিয়ে জখম করে।
আইনজীবী আসলাম বলেন, “এ ঘটনায় নিহতের ভাই শাহীনুর রহমান ৬৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
প্রায় ১০ বছর পর সেই মামলার রায়ে মঙ্গলবার ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাকিরা বেকসুর খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় নিহত খাইরুলের স্ত্রী লিপি খাতুন ও তার তিন সন্তান আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার সময় লিপি খাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার দুই সন্তান তখন স্কুলে পড়ত।
পরে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাইরুলের স্ত্রীর নামে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র খুলে দেন।
