গাজীপুরে কভার্ডভ্যানে আগুন: দগ্ধ পাঁচজনের কেউ বাঁচল না
গাজীপুরের বড়বাড়ি এলাকায় গত ১৩ অক্টোবর হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে সিলন্ডারবাহী একটি কভার্ডভ্যানে আগুন লাগলে দগ্ধ হন তারা।
পঁয়ত্রিশ শতাংশ পোড়া শরীর নিয়ে টিকে ছিলেন কেবল মো. আনোয়ার হোসেন, তিনিও মারা গেলেন; গাজীপুরে কভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই চলে গেলেন একে একে।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের মো. আয়জুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন গত দুই সপ্তাহ ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে সেখানেই ৩০ বছর বয়সী এ যুবকের মৃত্যু হয় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন।
গাজীপুরের বড়বাড়ি এলাকায় গত ১৩ অক্টোবর হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল।
গ্যাস ভরার এক পর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে সেদিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন মিঠু মিয়া (২৬) একজন মারা যান।
এরপর ১৭ অক্টোবর মো. পারভেজ (৩১), তার পরদিন আল আমিন (২৫) এবং ২০ অক্টোবর সিরাজুল ইসলাম টুটুল (২৮) মারা যান। তারা সবাই ওই কভার্ডভ্যানের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
