২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘মাদ্রাসা সীমানা’ ভাঙার অভিযোগে বিএনপি নেতা আটক

সকালে এ ঘটনার পর মামলা করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।

জামালপুরে ‘মাদ্রাসা সীমানা’ ভাঙার অভিযোগে বিএনপি নেতা আটক

মিলন আনসারী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 10:55 PM

Updated : 01 Aug 2023, 10:59 PM

জামালপুরে আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মহিলা শাখায় হামলা ও ভাংচুরের অভিযোগে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিলন আনসারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয় বলে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।

শহরের শহীদ হারুন সড়কের মিয়াপাড়ায় এই মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. হাসান আলী সাংবাদিকদের জানান, সকালে মিলন আনসারী অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসার মহিলা শাখার টিনের বাউন্ডারি ভাংচুর করে। ভাংচুরের এক পর্যায়ে লাঠি নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষকদের মারতে তেড়ে আসেন।

পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইউনুস আহম্মেদ আনসারীসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন।

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মামলা দায়েরের পরই মিলন আনসারীকে তার মাতৃসদন রোডের বাসা থেকে আটক করা হয়।

এদিকে সকালে এই ঘটনার পর বিএনপির সাবেক এই নেতা জানিয়েছিলেন, রাতে ঢাকা থেকে নিজের গাড়িতে বাড়ি ফেরার পথে মাদ্রাসার টিনের বাউন্ডারি সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রাগান্বিত হয়ে মাদ্রাসার টিনের বেড়া ভাংচুর করেন তিনি।

তখন অসুস্থ ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, মাদ্রাসা ভাংচুর করা ভুল হয়েছে। নিজ খরচে মাদ্রাসার ক্ষতিগ্রস্ত অংশ কাজ করে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।