সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ সিলেট ফিরছিলেন।
সিলেটে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকরের পাশের ১০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী এম. হাফিজুর রশীদ।
তারা দুজনই সিলেট নগরীর দরগা মহল্লার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ সিলেট ফিরছিলেন। পথে ১০ নম্বর এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
