হত্যা মামলায় জয়পুরহাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বগুড়া পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সোমবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হত্যা মামলায় জয়পুরহাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
রোববার রাতে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ থেকে আটকের পর সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান বগুড়া পিবিআইয়ের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পিবিআই ও মামলার নথি থেকে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালের ৭ অগাস্ট সকালে মাত্রাই এলাকায় দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তখন প্রতিপক্ষ খোতেজা বেগম নামে এক নারীর মাথায় কোদাল দিয়ে আঘাত করে। এ সময় তার ছেলে লুৎফর রহমান এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়।
পরে দুজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খোতেজাকে বগুড়ায় পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্বামী মোজাহার আলী সরদার বাদী হয়ে আওয়ামী লীগ নেতা শওকত হাবিব তালুকদার লজিককে এক নম্বর আসামি করে ১৯ জনের নামে মামলা করেন।
মামলাটি কালাই থানার তৎকালীন এসআই মোখলেছুর রহমান ও জয়পুরহাট সিআইডির পরিদর্শক জিয়াউর রহমান তদন্ত করেন।
তারা ২০২১ সালের ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। এতে মামলার প্রথম তিন আসামিকে অব্যাহতি দিতে আদালতের কাছে আর্জি জানানো হয়।
অব্যাহতির কারণ হিসেবে বলা হয়, আসামি শওকত হাবিব তালুকদার লজিক ও মাহমুদুন্নবী সুজন ঘটনার সময় সেখানে ছিলেন না বলে তারা হত্যার সঙ্গে জড়িত নন। আরেক আসামি মোফাজ্জল হোসেন ইতোমধ্যে মারা গেছেন।
এদিকে, মামলার বাদী মোজাহার আলী সরদারও প্রয়াত হয়েছেন। পরে আদালতের নির্দেশে তার ছেলে লুৎফর রহমান বাদী হিসেবে অভিযোগপত্রের ওপর নারাজি দেন। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য বগুড়ার পিবিআইকে নির্দেশ দেয়।
পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় লজিক তালিকদারকে সোমবার দুপুরে গ্রেপ্তার দেখানো হয়েছে।
