নারায়ণগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে কভার্ডভ্যান চালকের মৃত্যু
ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কভার্ডভ্যানের চালকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা পৌনে একটায় উপজেলার আড়িয়াব এলাকায় এই ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক জানান।
কভার্ডভ্যানটি চালাচ্ছিলেন ২০ বছর বয়সী তরুণ মো. হৃদয়। তিনি রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী শিমুলিয়ার সাইদুলের ছেলে।
পরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা পৌনে একটার দিকে ঢাকাগামী কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাউছিয়াগামী বাসের সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
“সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কভার্ডভ্যানের চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কভার্ডভ্যানের ভেতর থেকে তার মরদেহ বের করে আনেন। এই ঘটনায় আহতের কোনো তথ্য পাইনি।”
ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত কভার্ডভ্যান ও বাস দুইটাই হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
