মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ‘জিনে ধরেছে’ বলে ধর্ষণ ‘ধামাচাপার’ চেষ্টা করেন জাহেদা
মাগুরার আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য শনিবার দিন রেখেছে আদালত।
মাগুরার আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এটা বুঝতে পেরে ঘটনা ধামাচাপা দিতে ‘জিনে আঁছর করেছে বলে সুকৌশলে’ প্রথমেই হাসপাতালে না নিয়ে ঝাঁড়ফুঁক করানোর জন্য এক হুজুরের কাছে নিয়ে যান প্রধান আসামি হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম।
কিন্তু সদর উপজেলার নিজনান্দুয়ালি মদিনাতুল উলুম পৌর গোরস্থান মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের হুজুর শিশুটির গলার কালচে দাগ ও বুকে আঁচড়ের চিহ্ন দেখে বলেন, “এটি ঝাঁড়-ফুঁকের কাজ না। আপনারা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যান।”
তারপরই শিশুটিকে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও শিশুটির বড় বোনের শাশুড়ি জাহেদা বেগম (৩৮) চিকিৎসক ও নার্সদের বিভ্রান্ত করেন। ঘটনার প্রকৃত তথ্য না দিয়ে তিনি বলেন, পেটের ব্যাথা নিয়ে শিশুটি মাটিতে গড়াগাড়ি দিয়েছে। এবং হাসপাতালে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যেতে চান।
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্রে এই বিবরণ দেওয়া হয়েছে।
সারাদেশে আলোড়ন তোলা মামলাটির রায়ের শনিবার দিন রেখেছে আদালত। রায়ের জন্য এদিন আদালত চত্বর ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
মামলাটির বিচারকাজও খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হতে চলেছে।
৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার শিশুটি তার বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতারে মারা যায়।
১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন। মামলা চার আসামি হচ্ছে- শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, বোন জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। তারা কারাগারে আছেন।
হিটু শেখ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি মামলার সাক্ষ্য চলাকালে একাধিক দিন সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তিনি এর সঙ্গে জড়িত নন।
ঘুম থেকে উঠেই মাঠে চলে যান জাহেদা
আলোচিত এই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শিশুটি ১ মার্চ শ্রীপুর উপজেলার নিজেদের বাড়ি থেকে বোনের বাড়ি নিজনান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। ঘটনার দিন ৬ মার্চ সকাল ৬টায় জাহেদা ঘুম থেকে উঠে পাশের ওলিয়ারের ক্ষেতে মসুরির ডাল তুলতে চলে যান।
শিশুটির ভগ্নিপতিও রাজমিস্ত্রির কাজে বাইরে চলে যান। জাহেদার শাশুড়ি রোকেয়া বেগম বিদ্যুৎ বিল দিতে দোকানে চলে যান। আর শিশুটির বড় বোন রান্নাঘরের পাশে বরই গাছের নিচে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন।
অভিযোগপত্রের ভাষ্য মতে, ঠিক ওই অবস্থায় যৌন নিপীড়নের একপর্যায়ে হিটু শেখ শিশুটির যৌনাঙ্গ ও বুকে ব্লেড ব্যবহার করেন। এরপরও তিনি স্বাভাবিক ছিলেন। খাওয়া-দাওয়া করে ক্ষেতে কাজ করতে যান।
হিটু শেখের বড় ছেলে রাতুল শেখ সেদিন ঘুম থেকে উঠে প্রতিবেশী বন্ধু মেহেদীর বাড়ি চলে যায়।
সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিবেশী জোহরা নামে এক নারী হিটু শেখের বাড়িতে আসেন। শিশুটির বড় বোন তখন মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন। এদিকে তখন রাতুল শেখ সাইকেল নিয়ে তার বন্ধু মেহেদীর বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে।
রাতুল খাওয়া-দাওয়া করতে তার ঘরে ঢুকে। তখন পাশের ঘর থেকে শিশুটির গোঙানির শব্দ শুনতে পায়। জোহরা তখন ঘরের সিঁড়ির সামনে দাঁড়িয়ে ছিল। রাতুল তখন জোহরাকে উদ্দেশ করে বলেন, “দেখন তো আপা সে (শিশুটি) ঘুমের ভেতর কী যেন বলছে।”
এ কথা শুনে শিশুটির বড় বোনও ঘরে যায়। তখন তিনিও জোহরাকে উদ্দেশ করে বলেন, “দেখেন তো আপা তার (শিশুটির) কী হয়েছে?”
জোহরাও তখন ঘরের ভেতর ঢুকে শিশুটির গোঙানির শব্দ শুনতে পান। সেই ঘরে তখন পর্যাপ্ত আলো ছিল না। জোহরা শিশুটিকে ডাক দেয়, কিন্তু শিশুটি কোনো কথা বলেনি। জোহরা তখন শিশুটির বড় বোনকে প্রশ্ন করেন, তার কী হয়েছে? বড় বোন বলেন, তিনি জানেন না। তখন বড় বোন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে দেখতে পান, শিশুটির গলায় কালচে দাগ। তারা তখন সবাই মিলে শিশুটির মাথায় পানি ঢালতে থাকে। কিন্তু তাতেও শিশুটির জ্ঞান ফেরেনি; বরং বার বার কেঁপে উঠছিল।
এরপর জোহরা বাইরে এসে লোকজনকে ডাকতে শুরু করেন। তখন প্রতিবেশী জলি ও তার শাশুড়ি জোবেদা হিঠু শেখের বাড়িতে আসেন। তারা শিশুটিকে ঘরের বাইরে এনে মাথায় পানি ঢালতে থাকে। এতে শিশুটির পায়জামা ভিজে যায়। পায়জামা পরিবর্তন করতে গিয়ে প্রতিবেশী জলি খেয়াল করেন, শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণ হচ্ছে। তার গলায় কালচে দাগ এবং বুকেও আঁচড়ের দাগ রয়েছে। তখন জলি, তার শাশুড়ি জোবেদ প্রতিবেশী আরও অনেককে ডেকে সেটি দেখান। তখন সেখানে আরও অনেকেই জড়ো হন।
এদিকে শিশুটির বড় বোন তার শাশুড়ি জাহেদাকে মাঠ থেকে ডেকে আনতে লোক পাঠান। জাহেদা মাঠ থেকে এসে শিশুটিকে দেখেই বুঝে ফেলেন, তার স্বামী হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করেছে। কিন্তু বিষয়টি কেউ যেন বুঝতে না পারে সেজন্য জাহেদা ‘সুকৌশলে’ সবাইকে বলেন, শিশুটিকে জিনে ধরেছে। দ্রুত তাকে হুজুরের কাছে নিয়ে যেতে হবে।
তখন একজন প্রতিবেশী একটি ভ্যানরিকশা নিয়ে আসে। অচেতন অবস্থায় শিশুটিকে ভ্যানে তোলা হয়। তারপর শিশুটিকে নিয়ে যাওয়া হয় নিজনান্দুয়ালি মদিনাতুল উলুম পৌর গোরস্থান মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের হুজুর দেলোয়ার হোসেনের (৪২) কাছে নিয়ে যান। জাহেদা বেগম জানান, শিশুটিকে জিনে আছর করেছে। তখন দেলোয়ার হোসেন শিশুটির গলায় কালচে দাগ ও বুকে আঁচড়ের চিহ্ন দেখে বলেন, “এটি ঝাঁড়-ফুঁকের কাজ না। আপনারা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যান।” তখন একই ভ্যানরিকশায় করে শিশুটিকে অচেতন অবস্থাতেই ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগে আসার পরও শিশুটিকে ধর্ষণের বিষয়টি গোপন রাখা হয় বলে অভিযোগপত্রে বর্ণনায় উঠে এসেছে। জরুরি বিভাগে শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন গলার দাগ দেখে সেখানকার চিকিৎসক ও নার্স হিটু শেখের স্ত্রী জাহেদার কাছে জানতে চান, আসলে শিশুটির কী হয়েছিল। জাহেদা তখন চিকিৎসক ও নার্সকে বলে, পেটের ব্যথায় শিশুটি মাটিতে গড়াগড়ি খেয়েছে। তিনি শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যেতে চান।
চিকিৎসক আরও প্রশ্ন করলেও জাহেদা সঠিক কোনো তথ্য দেননি। ফলে তখন চিকিৎসক ধরে নেন, শিশুটি হয়ত গলায় দড়ি দিয়েছে। যার কারণে গলায় অর্ধচন্দ্রাকৃতি দাগ রয়েছে। কোনো হিস্ট্রি না থাকাতে চিকিৎসক শিশুটিকে শিশু ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়। তারপর শুরু হয় খিঁচুনি। চিকিৎসা দেওয়ার পর সেই খিঁচুনি কমেনি।
তখন দুজন জ্যেষ্ঠ নার্স সেখানে আসেন এবং তারা শিশুটির গলায় ও বুকে আঁচড়ে চিহ্ন দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা গোপনীয়তার সঙ্গে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তারা শিশুটির যৌনাঙ্গে ক্ষত ও ফোলা দেখতে পান। তারা দ্রুত সেখানকার চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক দুপুর ১২টার দিকে শিশুটিকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন।
গাইনি ওয়ার্ডে যাওয়ার পরও শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। সেখানকার চিকিৎসকরা শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন। শিশুটির মা ও তার পরিবারের লোকজন তাকে নিয়ে ফরিদপুরের হাসপাতালে চলে আসেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, এদিন শিশুটির ভগ্নিপতি সজীব কাজ শেষে বাড়ি ফেরেন এবং তার বড় ভাই রাতুলও বাড়ি চলে যান। তারা বাড়ি গিয়ে শিশুটির বড় বোন, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অবস্থার আরও অবনতি হয়। সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ মে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, প্রধান আসামি হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
যারা অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে, সত্য গোপন করে এবং আলামত নষ্ট করে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ আনা হয়।
এ ছাড়া হিটু শেখ ও জাহেদা বেগমের দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৫০৪ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
৫০৪ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে অপমান বা অবমাননা করে বা কোনো প্ররোচণা দেয়, যা সেই ব্যক্তির বিরক্তি সৃষ্টি করে এবং জনশান্তি বা অন্য কোনো ব্যক্তির আইনি অধিকারের লঙ্ঘন ঘটাতে পারে, তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত হবে।
আইনজীবী মুকুল বলেন, “রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে যে, ধর্ষণের ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা আশাবাদী, আদালত ন্যায়বিচার করবে।”
জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “আলোচিত এই মামলায় রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বর ও এর আশপাশে শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।”
এক নজরে শিশু ধর্ষণ-হত্যা
১ মার্চ: রোজার ছুটিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশুটি তার বোনের বাড়ি বেড়াতে আসে।
৬ মার্চ: সকালে শিশুটি তার বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়।
ওইদিনই শিশুটিকে মাগুরা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
৭ মার্চ: শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়।
৮ মার্চ: পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
এদিন শিশুটির মা চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় একটি মামলা করেন। আসামিরা হলেন- শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, বোন জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। শুরু থেকেই তারা পুলিশ হেফাজতে ছিলেন।
৯ মার্চ: শিশুটির ধর্ষণের বিচারের দাবিতে ছাত্র-জনতার অব্যাহত বিক্ষোভ।
১০ মার্চ: নিরাপত্তার কারণে রাতে শুনানি করে চার আসামিকে রিমান্ডে নেয় পুলিশ।
১২ মার্চ: তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ।
১৩ মার্চ: শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়। আসামিদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
ওইদিনই বিমান বাহিনীর একটি উড়োজাহাজে শিশুটির মরদেহ মাগুরায় নিয়ে যাওয়া হয়। দুই দফা জানাজা শেষে তাকে রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
১৪ মার্চ: পুলিশ জানায়, শিশুটি মারা যাওয়ায় আগের ধর্ষণ মামলার পাশাপাশি হত্যা মামলাও হয়েছে।
১৫ মার্চ: ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
৮ এপ্রিল: মাগুরার পুলিশ সুপার জানান, হিটু শেখের ডিএনএ প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
১৩ এপ্রিল: মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।
২০ এপ্রিল: শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের জন্য ২৩ এপ্রিল দিন রাখেন।
২৩ এপ্রিল: অভিযোগ গঠনে শেষে মামলার বিচারকাজ শুরু হয়।
২৭ এপ্রিল: শিশুটির মা ও মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
৮ মে: মামলার মোট ২৯ জনের সাক্ষ্যপ্রদান শেষ হয়।
১৩ মে: দুই দিনের যুক্তিতর্ক শেষে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এই মামলার রায়ের জন্য ১৭ মে দিন রাখেন।
** মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মনিরুল ইসলাম মুকুল।
** মামলাটির গুরুত্ব বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে বিশেষ কৌসুলি হিসেবে (অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার) আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন:
