ভোটে থাকছেন ডেপুটি স্পিকারের ভাই, যুক্তি দিচ্ছেন ‘সম্পর্ক ভালো নয়’
“তিনি এখন আর আমার ভাই নন; সুতরাং দলীয় সিদ্ধান্ত আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়।”
পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেন।
দলীয় এমপি-মন্ত্রীর স্বজন ও সন্তানরা উপজেলা নির্বাচনের প্রার্থী হতে পারবেন না- আওয়ামী লীগ প্রধানের এমন নির্দেশনার মধ্যেই দলটির বেড়া উপজেলার সাবেক সভাপতি বাতেন প্রার্থী হলেন।
৮ মে নির্বাচনের প্রতীক বরাদ্দের একদিন আগে সোমবার আব্দুল বাতেন জানালেন, তিনি নির্বাচনে থাকছেন এবং পছন্দের প্রতীক ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করবেন।
আওয়ামী লীগের নির্দেশনার ব্যাপারে প্রশ্ন করলে বাতেন বলেন, আপন ভাই ডেপুটি স্পিকারের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ‘ভালো যাচ্ছে না’। তিনি তার ভাই ও পরিবারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেন।
“সুতরাং তিনি এখন আর আমার ভাই নন; ফলে দলীয় সিদ্ধান্ত আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়।”
দীর্ঘ ২৩ বছর বেড়া পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করা বাতেন বলছেন, গত কয়েকদিন বেড়া উপজেলায় নিজের হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষীর সঙ্গে এ নিয়ে আলাপ-আলোচনার পরই তিনি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
“মঙ্গলবার প্রতীক বরাদ্দ হবে। সেখানে কেউ ঘোড়া প্রতীক নেওয়ার আগ্রহ প্রকাশ করেননি বিধায় আমি চেয়েছি ঘোড়া প্রতীক। তাই প্রতীকের ক্ষেত্রে অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে লটারি হলেও আমার ক্ষেতে সেই জটিলতা আর নেই।”
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল বাতেন বহু বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।
কিন্তু ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি বছর তিনেক আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ হারান। বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ রঞ্জন শামস। পরে তিনি বেড়া পৌরসভার মেয়র পদে চাচার স্থলাভিষিক্ত হন।
দ্বন্দ্বের বিষয়টি আরও জটিল হয়ে ওঠে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হন শামসুল হক টুকু। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াইয়ে নামেন সাবেক মন্ত্রী ও সাবেক আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদ।
আব্দুল বাতেন তখন ভাইয়ের বিরোধিতা করে আবু সাইয়িদের পক্ষ নেন এবং তিনি তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই নির্বাচন নিয়ে ব্যাপক সহিংসতা আর পাল্টাপাল্টি মামলাও হয়।
নির্বাচনে শামসুল হক টুকু প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে আবু সাইয়িদকে পরাজিত করেন। এরপর আরও কোণঠাসা হয়ে পড়েন বাংলাদেশ পৌরসভা মেয়র অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতেন।
বেড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
আব্দুল বাতেন উপজেলা নির্বাচনে সাবেক সংসদ সদস্য আবু সাইয়িদ ছাড়াও এই আসনের সাবেক আরেক সংসদ সদস্যের সমর্থন পাচ্ছেন বলে স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য।
চেয়ারম্যান পদের আরেক প্রার্থী বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
জানতে চাইলে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ বাবু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের আত্মীয়-স্বজনরা প্রার্থী হতে পারবেন না, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি আরো আগে নেওয়া হলে ভালো হত।
“কেননা অধিকাংশ এমপি-মন্ত্রী নিজের ঘরের ভেতর সব পদ-পদবী দখলে রাখার প্রতিযোগিতা শুরু করেছেন। আমাদের দলীয় সভানেত্রী নিজেই দলের সংবিধান। তিনি মুখে বলেছেন, এটিই আমাদের জন্য আদেশ বা নির্শেশনা।”
আব্দুল আহাদ বাবু বলেন, “তারপরও যদি কোথাও এ ধরনের প্রার্থী হয়, তাহলে আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
আরও পড়ুন:
