অসহযোগের প্রচারপত্র বিতরণে পুলিশি বাধার অভিযোগ রাঙামাটি বিএনপির
বাধা নয়, যানজটের সৃষ্টি হওয়ায় কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটিতে বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা।
শনিবার সকালে শহরের বনরূপা এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে কর্মসূচি অসম্পূর্ণ রেখেই ফিরতে হয় বলে জানান রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
তিনি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তারা শহরের বনরূপা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়।
শাকিল বলেন, “সামান্য লিফলেট বিতরণের কর্মসূচিও যারা পালন করতে দেয় না, তাদের মুখে গণতন্ত্র, নির্বাচন এসব শব্দ শোভা পায় না। পুলিশের এমন আচরণে আমরা তীব্র নিন্দা জানাই।”
রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো বলেন, “এই অবৈধ সরকারে ডামী নির্বাচন আমরা মানি না, দেশের জনগণকে এই নির্বাচনে ভোট না দিতে আমরা উৎসাহিত করছি। এই অবৈধ সরকার ও নির্বাচনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো।”
পরে কর্মসূচি অসম্পূর্ণ রেখে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে কর্মসূচি শেষ করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম (ভুট্টো), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
তবে রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা কোনো বাধা দেইনি। শহরের ব্যস্ততম বনরূপায় তাদের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।তাই আমরা তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলেছি।
“তারাও আমাদের সহযোগিতা করে, দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ করেছে”, যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
