১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে লুট হওয়া গ্যাস সিলিন্ডারের ৪৮টি বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ৩

৭ অক্টোবর রাতে একটি ট্রাক ৪০০ সিলিন্ডার গ্যাসের বোতল নিয়ে ঢাকা রওনা হয়। পথে সেটির পথরোধ করে ১৫-১৬ জনের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 05:43 PM

Updated : 15 Oct 2026, 05:43 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক থেকে লুট হওয়া ৪০০ গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার রাতে বগুড়া সদর ও শাহাজাহানপুর উপজেলায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হলেন, বগুড়ার শাহাজাহানপুর উপজেলার ট্রাক চালক মহিদুল ইসলাম (২৬), ট্রাকের হেলপার সাকিব হোসেন (২০) ও ডাকাত দলের সদস্য বগুড়া সদরের গোলাম মোস্তফা (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ৭ অক্টোবর রাতে রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক বিভিন্ন কোম্পানির ৪০০টি সিলিন্ডার গ্যাসের বোতল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছলে ১৫ থেকে ১৬ জনের একটি দল ট্রাকটির পথরোধ করে। এ সময় তারা ট্রাকের চালকসহ গাড়িতে থাকা অন্যদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় এবং অজ্ঞাত দুইজনকে চালকের পাশের সিটে বসিয়ে ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পরে ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান সংলগ্ন ফাঁকা রাস্তায় ট্রাকটি থামিয়ে দুটি মিনি ট্রাকে গ্যাস সিলিন্ডারগুলো তুলে নেয়। পাশাপাশি চালক ও হেলপারের কাছে থাকা তিনটি মোবাইল ও নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় মামলা করেন।

সাইফুল ইসলাম খান আরও বলেন, গ্রেপ্তারদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।