নাটোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, ২০০৬ সালে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা করে আখ ক্ষেতে ফেলে পালিয়ে যান কুদ্দুস ।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, সিপিসি-২ নাটোরে ক্যাম্পের কমান্ডার জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার এ তথ্য জানান ।
দণ্ডিত মী আব্দুল কুদ্দুস (৩৯) ওই উপজেলার খাটখৈইর এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার বলেন, ২০০৬ সালের ২০ জুন কুদ্দুস ওই উপজেলার আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করে আখ ক্ষেতে ফেলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন।
তিনি আরও বলেন, বিচার কাজ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে। এ ঘটনার পর থেকেই কুদ্দুস পলাতক ছিলেন।
খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কুদ্দুসকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
