২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না: শাহাদাত

“সংখ্যালঘুদের ঘর বাড়ি দখল ও নির্যাতন আওয়ামী লীগ সরকারের সময় বেশি হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই”, বলেন বিএনপির চট্টগ্রামের নেতা।

বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না: শাহাদাত

দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 12:17 AM

Updated : 21 Oct 2023, 12:23 AM

বিএনপি ‘সংখ্যালঘু তত্ত্বে’ বিশ্বাস করে না মন্তব্য করে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, “বিএনপি সব সময় সব সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরও স্থাপন করেছে।”

দুর্গা পূজা উপলক্ষে শুক্রবার বিকেলে বন্দর নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের মাঠে জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ হিন্দুদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে। আবার দুর্গা পূজার সময় তারাই হিন্দুদের প্রতিমা ভাঙচুর করে।

“সংখ্যালঘুদের ঘর বাড়ি দখল ও নির্যাতন আওয়ামী লীগ সরকারের সময় বেশি হয়েছে। …বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই।”

আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, “এই সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেও শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করতে পারে নাই।”

এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় দাবি করে শাহাদাত বলেন, “কেউ ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে না, একদলীয়ভাবে দেশ শাসন করছে। তাই দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সুচনা করতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।”

বর্তমান সরকারের সময়ে মানুষ গণতান্ত্রিক পরিবেশে বেঁচে থাকার অধিকারগুলো সত্যিকার অর্থে ভোগ করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, “তাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার প্রার্থনা হোক, বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার ও নির্যাতন চলে যাক।

“আমরা অন্ধকার থেকে আলোয় যেতে চাই। আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই। অসুর যতই শক্তিশালী হোক তাকে পরাজিত করতে হবে।”

ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব আর কে দাস রুপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি।

ইসকনের প্রবর্তক মন্দিরের প্রধান পূজারী শ্রীনিবাস দাস ব্রহ্মচারী গীতা পাঠের মাধ্যমে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মিথুন দাসের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ঝন্টু কুমার বড়ুয়া, দীপক চৌধুরী কালু, শিপন কুমার দে, উজ্জ্বল বিশ্বাস, কোতয়ালি থানা বিএনপির আহ্বায়ক মঞ্জুর রহমান চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন, নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, নগর যুবদলের সহসম্পাদক আসাদুর রহমান টিপু, মো. আলাউদ্দীন, মো. সালাউদ্দীন।