ক্ষমতায় এলে হিন্দুদের বেদখল সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কাজ করব: পাটওয়ারী
“হিন্দু ধর্মাবলম্বী অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে, অনেকে মনে কষ্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন,” বলেন পাটওয়ারী।
সরকার ক্ষমতায় গেলে হিন্দু ধর্মাবলম্বীদের বেদখল সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, “কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। যারা বিভিন্ন সময় হিন্দু ধর্মাবলম্বীদের হীন স্বার্থে ব্যবহার করেছে এবং তাদের সম্পত্তি দখল করেছে, তাদেরকে আমরা অশুভ শক্তি হিসেবে বলতে চাই।
“তারা এই দেশের জন্য ক্ষতিকর। এই অশুভ শক্তির বিনাশে কাজ করতে হবে।”
পাটওয়ারী বলেন, “হিন্দু ধর্মাবলম্বী অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে, অনেকে মনে কষ্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আমরা ক্ষমতায় এলে তাদের সবার সম্পত্তি ফিরিয়ে দিতে কাজ করব। আপনাদের এই লড়াইয়ে আমরা অংশীজন হিসেবে থাকব সবসময়। বর্তমানে সরকারে যারা রয়েছেন, তারাও যেন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়, সেটা আমরা সংসদে এবং রাজপথে সর্বত্র বলব।”
সোমবার এনসিপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ে এদিন রাজধানীর ঢাকেশ্বরী মণ্ডপে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সেখানে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের সদস্য সচিব আখতার হোসেনও।
তিনি বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং অন্য ধর্মের যারা রয়েছেন সকলে মিলে আমরা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই।
“বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে হিন্দু মুসলমান একত্র হয়ে লড়াই সংগ্রাম করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান, প্রতিটি ক্রান্তিলগ্নে এদেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে।’’
আখতার বলেন, “আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের সবচেয়ে বড় অশুভ শক্তির পরাজয় ঘটেছে।”
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশও ঢাকেশ্বরী মণ্ডপে উপস্থিত ছিলেন।
