খাগড়াছড়িতে ‘বৈসাবি’ বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রা
“পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে।”
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে সম্মিলিত ‘বৈসাবি’ বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মূলত ত্রিপুরার বৈসুক, মারমার সাংগ্রাই এবং চাকমার বিজু বর্ষবরণ উৎসবকে একসঙ্গে ‘বৈসাবি’ বলা হয়।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ।
এই বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা পরিষদের বৈসাবি উদযাপন কমিটির সদস্য ও মারমা ভাষার কবি চিংলামং চৌধুরী বলেন, “এই শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করা হয়েছে।”
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বৈসাবি উদযাপন কমিটির সদস্যসচিব টিটন খীসা বলেন, “পার্বত্য চট্টগ্রামে নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব মানুষের মাঝে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। এর মধ্য দিয়ে পাহাড়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে।”
শোভাযাত্রায় অংশ নেওয়া স্নিগ্ধা চাকমা, সুম্মিতা ত্রিপুরা, পৌষালী ত্রিপুরা জানান, তারা প্রতিবছর র্যালিতে অংশ নেন। বৈসাবির এ শোভাযাত্রায় বিভিন্ন ধর্মের মানুষ এক হতে পারেন বলে খুব ভালো লাগে।
শোভাযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে ডিসপ্লের আয়োজন করা হয়। সেখানে চাকমা, মারমা ত্রিপুরার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক।
