Published : 07 Jan 2024, 06:58 PM
সাতক্ষীরা-১ তালা উপজেলার একটি কেন্দ্রে জাল ভোটের কারণে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নব কুমার পাইন, পোলিং অফিসার শাহাজ উদ্দিন, জি এম বারাকাত হুসাইন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, অভিযোগের সত্যতা পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম তাদের বহিষ্কার করেন।
মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উদয় কুমার বলেন, “মানিকহার গ্রামের শামায়েল সরদার (ভোটার নং-০৪৫৫) বেলা ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন কে বা কারা তার ভোট দিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর ১০ মিনিটের জন্য ওই বুথে ভোটগ্রহণ বন্ধ ছিল।
পরে ওই বুথের সহকারী প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে। পরে টেন্ডার ভোটের মাধ্যমে অভিযোগকারী শামায়েল সরদারের ভোট নেওয়া হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার।
জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, “জাল ভোটের কারণে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।”
এ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, “আমি মানিকহার ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোটের বিষয়টি জানতে পেরে জেলা রিটানিং কর্মকর্তাকে জানাই। পরে তিনি ব্যবস্থা নিয়েছেন।”