সিলেটের পথে ৭ মৃত্যু: নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রিতা
“প্রথম সন্তান নিয়ে রিতার অনেক স্বপ্ন দেখেছিল, আজ সবকিছু শেষ হয়ে গেছে,” বলেন জা রুবিনা।
বছর খানেক আগে পাশের জেলা সিলেটে বিয়ে করেছিলেন সুনামগঞ্জের রিতা আক্তার। সন্তানসম্ভবা এই নারী বাবার বাড়িতে রওনা হয়েছিলেন নানার সঙ্গে। পথে তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেছে এ দুজনসহ সাতজনের।
রিতার জা রুবিনা বেগম জানান, তার দেবর সুরুজ্জামাল ১১ মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন রিতা আক্তারকে (১৮)। ২০ থেকে ২৫ দিনের মধ্যে তাদের প্রথম সন্তান হওয়ার কথা ছিল। এ কারণে তাকে গ্রামের বাড়ি তাহিরপুরের বাগলিতে নিয়ে যেতে এসেছিলেন নানা একাব্বর আলী (৬৫)।
“এজন্য আজ সকালে তারা বের হয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। প্রথম সন্তান নিয়ে রিতার অনেক স্বপ্ন দেখেছিল, আজ সবকিছু শেষ হয়ে গেছে।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের গোয়াইনঘাটে সুন্দ্রাগাঁও পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও স্বজনরা জানিয়েছেন, অটোরিকশাটি কোম্পানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেটের দিকে আসছিল; আর মাইক্রোবাসটি ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ওই এলাকায় সামনের চাকা পাংচার হলে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অটোরিকশায় সিলেটে এসে সুনামগঞ্জের বাস ধরার কথা ছিল রিতা আর তার নানার।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিতার মামা শ্বশুর তৈয়ব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাগ্নের বউ রিতা আক্তারের কিছুদিন পর প্রথম সন্তান জন্ম দেওয়া কথা ছিল। প্রথম সন্তান হওয়াতে নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য নানার সঙ্গে আর সিলেট যাওয়ার জন্য বের হয়েছিলেন।
“কিন্তু পথের মধ্যে মাইক্রোবাসের ধাক্কায় সবকিছু শেষ হয়ে গেছে। এখন তাদের দুইজনের লাশ দাফনের জন্য তাহিরপুরে নেওয়া হচ্ছে। লাশের সঙ্গে ভাগ্নে সুরুজ্জামাল রয়েছে।”
রিতার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি গ্রামে, আর শ্বশুরবাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁওয়ে।
সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পর্যটক আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, মানিকগঞ্জ থেকে মাইক্রোবাসে করে সিলেটে বেড়াতে এসেছিলেন আরিফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন পরিবারের তিনজন। এছাড়াও মাইক্রোবাসে মানিকগঞ্জের আরও ১০ জন ছিলেন।
বৃহস্পতিবার ভোরে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছে তারা ফজরের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। সেখান থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে যাওয়ার জন্য রওনা দেন। মাইক্রোবাসে থাকা সবাই ঘুমিয়েছিলেন। চলন্ত মাইক্রোবাসে হঠাৎ বিকট শব্দ শুনতে পান, মুহূর্তের মধ্যে বুঝতে পারেন তারা সড়কের পাশের খালের পানিতে পড়ে আছেন।
দুর্ঘটনায় আরিফুলের ভাই সোলেমান, আট বছর বয়সী ভাতিজা ও পাঁচ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। তাদের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
