‘বাকিতে সবজি না দেওয়ায় মারধর’, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
“বাকিতে সবজি না দেওয়ায় আমার বাবাকে নির্বিচারে মারধর করেছে আজিজুর। এর কারণে বাবা রক্তবমি করেছেন।”
কক্সবাজার টেকনাফ উপজেলায় বাকিতে পণ্য না দেওয়ায় মারধরে আহত এক সবজি বিক্রেতা মারা গেছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং বাজারে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে ওই বিক্রেতার মৃত্যু হয় বলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান।
নিহত ৫০ বছর বয়সী মোক্তার হোসেন ওই এলাকার কাদির হোছনের ছেলে।
মোক্তারের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, হোয়াইক্যংয়ের উনচিপ্রাং এলাকার আবদুর রশিদের ছেলে আজিজুর রহমান তার বাবার কাছে ‘বাকিতে’ সবজি কিনতে চান। কিন্তু তিনি বাকি দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে আজিজুর তার বাবাকে মারধর করে রাস্তায় ফেলে দেন।
তিনি বলেন, “বাকিতে সবজি না দেওয়ায় আমার বাবাকে নির্বিচারে মারধর করেছে আজিজুর। এর কারণে বাবা রক্তবমি করেছেন। এক পর্যায়ে আমি মরে যাব বলে চিৎকার করে পানি চাইলেও তাকে একটু পানিও দেননি।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
