২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে এতিমখানায় চাঁদাবাজির সময় ৪ ‘ভুয়া সাংবাদিক’ গ্রেপ্তার

নলডাঙ্গা থানার ওসি বলেন, “আটকদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড থাকলেও এখনো আমি কোনো সম্পাদকের ফোন পাইনি।”

নাটোরে এতিমখানায় চাঁদাবাজির সময় ৪ ‘ভুয়া সাংবাদিক’ গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের হাতে আটক চারজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 03:52 PM

Updated : 24 Jan 2024, 06:19 PM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদ্রাসা ও এতিমখানায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় চার ‘ভুয়া সাংবাদিক’কে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। 

নলডাঙ্গার খাজুরার গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসায় চাঁদাবাজির সময় শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নলডাঙ্গার থানার ওসি মো. মনোয়ারুজ্জামান। 

এসময় একটি লাল রঙের এক্স ফিল্ডার গাড়ি, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি ট্রাইপড, একটি বুম এবং বিভিন্ন পত্রিকার আইডি কার্ড জব্দ করা হয়েছে বলে জানান তিনি। 

মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটলেও গণমাধ্যমকর্মীরা তা জানতে পারেন রাতে। 

আটকরা হলেন, গাজীপুরের বাসন এলাকার মো. সাঈদ সরকারের ছেলে মো. হেলাল সরকার জয় (২৮), ময়মনসিংহের হালুয়াঘাটের উত্তর আকনপাড়া এলাকার মো. ইমান আলীর ছেলে মো. লিমন হোসেন (২৭), গাজীপুরের টঙ্গীর আচারপট্টির আমিরুল ইসলামের ছেলে ইউনুস আলী (২৭), শেরপুরের নকলার বারইকান্দি এলাকার শাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া (২৫)। 

খাজুরা ইউপির সদস্য সাইদুল ইসলাম বলেন, “ঠিকভাবে পতাকা উত্তোলন হয়নি, ড্রেস কোড নেই ইত্যাদি নানা ধরনের অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে এতিমখানা-মাদ্রাসার প্রধান শিক্ষক ও সভাপতির কাছে এই সাংবাদিকরা চাঁদা দাবি করেন। 

“কিন্তু তাদের অসংলগ্ন কথায় সন্দেহ হওয়ায় গ্রামবাসী তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।” 

এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামান বলেন, “এরা এর আগেও সাবেক সুপারের কাছে এসে চাঁদা দাবি করে টাকা নিয়ে গেছে। আমি দায়িত্ব পাবার পরে আমার কাছে আবার টাকা চায়। 

“তখন আমি সভাপতির কাছে পাঠাই, পরে এলাকার মানুষ তাদেরকে ভুয়া হিসেবে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়।” 

এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক বাদি হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়- আটকরা সাংবাদিকতার পরিচয়ে বিভিন্ন সময় খাজুরা গৌরীপুর নূরানী এতিমখানা ও মাদ্রাসা থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা চাঁদা নিয়েছেন। 

নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, “আটকদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড থাকলেও এখনো আমি কোনো সম্পাদকের ফোন পাইনি।” 

বুধবারই আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।