কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
পারিবারিক কলহের জেরে স্বামী মন্টুর সঙ্গে শিউলীর কথা কাটাকাটি হয় বলে জানায় পুলিশ।
কুষ্টিয়া সদরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে হরিশংকরপুরের মকছেদ শাহ লেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান।
নিহত ৩০ বছর বয়সী শিউলী খাতুন ওই বাড়ির মন্টু মণ্ডলের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি শাহাদৎ হোসেন বলেন, “পারিবারিক কলহের জেরে মন্টুর সঙ্গে শিউলীর কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে মন্টু ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে শিউলীকে কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিউলী মারা যান।”
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মন্টুকে আটক করে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি শাহাদৎ হোসেন বলেন, পারিবারিক কলহ ছাড়াও হত্যার অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
