২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘একখান বাড়ি আছে তাও ভাইঙে গিলি কনে যাব’

“নদী ভাঙতে শুরু করলে সবাই ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি তেল দিতে চায়; আমরা এসব চাই না, চাই নদী শাসন।”

‘একখান বাড়ি আছে তাও ভাইঙে গিলি কনে যাব’

পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

শামিম রেজা, ‍রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 09:12 AM

Updated : 02 Jul 2023, 11:57 AM

বর্ষায় পানি বাড়ছে প্রমত্তা পদ্মায়। সেই পানির সঙ্গে ভাঙছে নতুন নতুন এলাকা, ভাঙনের কবলে পড়ছেন বিভিন্ন এলাকার মানুষ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় গিয়ে দেখা গেল, নতুনপাড়া, শাহাজদ্দিন ব‍্যাপারী পাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে নদী তীরের বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

ভাঙন রোধে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট আধুনিকায়ন ও স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প পাসের চার বছর পেরোলেও এর কাজ শুরু হয়নি। ফলে প্রতি বর্ষাতেই নতুন নতুন এলাকা পদ্মায় বিলীন হয়। তলিয়ে যায় স্থানীয় মানুষদের বাড়িঘরসহ নানা স্থাপনা।

বর্তমানে ভাঙন কবলিত এলাকা থেকে লঞ্চঘাটের দূরত্ব ৭০০ মিটার। স্থানীয়রা বলছেন, এখনই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে লঞ্চ ও ফেরিঘাটও নদীতে বিলীন হয়ে যাবে।

দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা নজরুল মুন্সি অনেকটা আক্ষেপ করেই বললেন, “গত ৩০ বছর ধরে ভাঙনই দেখে আসছি। নদী শাসনের জন‍্য কেউ এগিয়ে আসেনি। যখন নদী ভাঙতে শুরু করে তখন এমপি, চেয়ারম‍্যানরা ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি তেল দিতে চায়। আমরা চাল, আলু চাই না; এক কেজি তেলও চাই না, আমরা চাই নদী শাসন।”

১ নম্বর ব‍্যাপারী পাড়া গ্রামের ছয়েদ আলী শেখ বলেন, “এখন যে ভাঙা ভাঙতেছে সামনের চর থাকবে না। চেয়ারম্যান, মেম্বাররা কয় এ করব, উ করব, হ‍্যান করব, ত‍্যান করব; কিছু তো করে না। আমরা খুব কষ্টে আছি। একখান বাড়ি আছে তাও ভাইঙে গিলি কনে যাব?”

এবার স্থানীয় ফেরিঘাটগুলোও ঝুঁকিতে পড়েছে। ২০১৯ সালে ১ ও ২ নম্বর ফেরিঘাট এবং ২০২১ সালে ভাঙনের কবলে পড়ে ৫ নম্বর ফেরিঘাট নদীতে বিলীন হয়ে গিয়েছে। এখন ঝুঁকিতে রয়েছে ৩, ৪, ৬ ও ৭ নম্বর ঘাট।

ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের কেবল এখন এটাই দাবি, তা হলো নদী শাসন।

খরস্রোতা নদীর পাড় ভাঙা রোধ করতে এর পাড়ে বড় পাথর বা কংক্রিটের ব্লক ফেলে পানির স্রোতের গতিপথ পরিবর্তন করা ও পাড়ের ক্ষয় রোধ করার পদ্ধতির নামই নদী শাসন। এর মাধ্যমেই নদী তীরবর্তী ভূমির ক্ষয় রোধ করে ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, “বেশ কয়েকবার নদীতে বাড়িঘর ভেঙে গেছে। নদী ভাঙনের কারণে জায়গা-জমি হারিয়ে কাজ করে খাওয়ার মতোও কিছু নেই। এ অবস্থায় গত কয়েকদিন ধরে পানি বাড়ছে। নতুন পাড়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। নদীতে স্রোত আর পানি বাড়লে আরও নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হবে। এটা আমাদের চেনা দৃশ্য। কিন্তু ভাঙন রোধে নদী শাসনের কোনো উদ্যোগ নেই।”

রোকেয়া বেগমের পাশেই দাঁড়িয়ে ছিলেন জিন্নাত আলী কাজী।

তিনি বলেন, “আমরা খুব অভাবী। নদীতে জায়গা-জমি সব বিলীন হয়ে গেছে। অভাবের তাড়নায় ছেলে-মেয়েদের লেখাপড়াও চালিয়ে নিতে পারিনি। বর্ষা শুরুর আগেই নদী শাসন না করলে দৌলতদিয়া ঘাট এলাকার অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে। আমরা অতিদ্রুত নদী শাসনের দাবি জানাচ্ছি।”

তিন-চার বছর ধরেই নদী শাসন হবে বলে শুনছেন, জানালেন শাহাজদ্দিন ব‍্যাপারী পাড়ার বাসিন্দা আব্দুল মান্নান।

তিনি বলেন, “শুনেছি ১ হাজার ৩০০ কোটি টাকা বাজেট করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেই কাজ শুরু হল না। অথচ প্রতিবছর শত শত বিঘা ফসলি জমি-বাড়ি-ঘর নদীতে ভেঙে যাচ্ছে। এবারও বর্ষা শুরু হয়েছে, কিছু জায়গায় ভাঙনও দেখা দিয়েছে। কিন্তু নদী শাসনের কোনো উদ্যোগই দেখছি না।”

লঞ্চঘাট, ফেরিঘাট এসবের টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন স্থানীয়রা।

গত ১০ বছরে পদ্মার ভাঙনে দৌলতদিয়ায় প্রায় ৮০০ হেক্টর জমি বিলীন হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। তিনি জানান, এ সময়ের মধ্যে কয়েক দফা ভাঙনের মুখে পড়েছে লঞ্চ ও ফেরি ঘাট। গৃহহীন হয়েছে ঘাট এলাকার শত শত পরিবার।

বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মো. মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২০ সালে একনেকে পাস হয়েছিল ভাঙন রোধে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট আধুনিকায়ন ও স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প। ১ হাজার ৩৫০ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের কাজ এখনও শুরু করা যায়নি।

কারণ হিসেবে তিনি বললেন ভূমি অধিগ্রহণ না হওয়ার কথা।

এই কর্মকর্তা বলেন, দৌলতদিয়া এবং পাটুরিয়া এলাকায় ভূমি অধিগ্রহণের কাজ এখনও শেষ হয়নি। যার কারণে ঘাট আধুনিকায়নের কাজও শুরু করা যাচ্ছে না। এ প্রকল্পের আওতায় দৌলতদিয়া প্রান্তে ছয় কিলোমিটার নদী শাসন করা হবে। এটি বাস্তবায়িত হলে ঘাট ও সংশ্লিষ্ট এলাকার নদী ভাঙন রোধ করা যাবে।

অল্প সময়ের মধ্যেই ভূমি অধিগ্রহণের কাজ শেষ হবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি।

দৌলতদিয়া ইউনিয়নের কিছু ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বলে জানালেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম।

তিনি বলেন, ভাঙন প্রতিরোধের জন‍্য অর্থ বরাদ্দ পেতে কর্তৃপক্ষের কাছে বাজেট পাঠিয়েছি। বাজেট পাস হয়ে এলেই কাজ শুরু হবে।

ঘাট আধুনিকায়নের প্রকল্পটি বিআইডব্লিউটিএয়ের হলেও এটি বাস্তবায়ন করার কথা পানি উন্নয়ন বোর্ডের। সংস্থাটির কাছ থেকে নির্দেশ পেলেই কাজ শুরু হবে বলেও জানালেন তিনি।