ময়মনসিংহে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা, গাড়ি ভাংচুর
ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে।
এ সময় চারটি গাড়ি ভাংচুর ও পাঁচজন আহত হয়েছেন বলে বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজে এই ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিকালে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ ছিল। তিনি সমাবেশের উদ্দেশে রওনা হলে জানতে পারেন ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজে একটি রাজনৈতিক দলের হেলমেট পরা নেতাকর্মী তাকে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি জেলার নেতা-কর্মীরা জানতে পেরে তাকে এগিয়ে নিতে যান।
পরে জেলার নেতা-কর্মীরা কুইরা ব্রিজ এলাকায় যেতেই হেলমেট পরা লোকজন হামলা, গুলি ও হাতবোমা ছোড়ে বলে প্রিন্স জানান।
তিনি বলেন, “এ সময় দুইটি হাইস ও দুইটি প্রাইভেটকার ভাংচুর করে। এই ঘটনায় আমাদের পাঁচ নেতাকর্মীও আহত হন।”
খবর পেয়ে আরও নেতা-কর্মী লাঠিসোঠা নিয়ে ঘটনাস্থলে গেলে হেলমেট বাহিনী পিছু হটে উল্লেখ করে প্রিন্স বলেন, “হামলার পর আমরা কর্মীসমাবেশ সফল করেছি। পরে কোনো ঘটনা ঘটেনি।”
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফুলপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র শশধর সেন বলেন, “আমি সারাদিন ময়মনসিংহ শহরে ছিলাম। বিষয়টি আমার জানা নেই।”
এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “হামলার ঘটনা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।”
