২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের জেল

গরুর মাংস থেকে ওষুধের গন্ধ পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এক ক্রেতা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:47 PM

Updated : 23 Aug 2023, 08:47 PM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সকালে উপজেলার সায়দাবাদ বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান। 

দণ্ড পাওয়া মো. সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার যাদুর চর ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা আমানুর রহমান বলেন, “সকালে বাজারে মাংস কিনতে গিয়ে দেখি গরুর মাংসের রং একেবারে হলুদ হয়ে গেছে। এনকি মাংস থেকে ওষুধের গন্ধ বের হচ্ছে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাই।” 

ইউএনও নাহিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাজারে গিয়ে মাংস ব্যবসায়ী সাদ্দামকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া মাংস উপজেলার ভেটেরিনারি সার্জন এবং সেনেটারি ইন্সপেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংস খাওয়ার উপযুক্ত নয় বলে জানান তারা। 

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে সাদ্দামকে সাত দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয় বলেও জানিয়েছেন ইউএনও নাহিদ।