শেরপুরে হত্যা মামলার তিন আসামি পঞ্চগড়ে গ্রেপ্তার
গত ২৭ জুলাই সবজি ক্ষেত থেকে কৃষক কবজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুরের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কৃষক হত্যা মামলার তিন আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলায় রামেরচর গ্রামের লিটন মিয়া (২৫) ও তার সহযোগী একই গ্রামের নাছির মিয়া (৩৫) এবং মো. শরিফ মিয়া (৩৫)।
কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে ১৬ জুলাই কৃষক কবজ উদ্দিনকে (৬৫) মারধরের ঘটনায় তার চাচাতো ভাই মিস্টার মেম্বার বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন ।
তিনি বলেন, “এরপর ২৬ জুলাই রাত ১০ টার দিকে কবজ উদ্দিন রামেরচর ছনবাজারে গিয়ে আর বাড়ি ফিরেনি। স্বজনরা রাত থেকে তাকে খোঁজাখুঁজি করেন।
“পরদিন সকাল ৭টার দিকে ছনবাজারের পাশে একটি সবজি ক্ষেতে কবজের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।”
আশিক উজ্জামান আরও বলেন, পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। পরে খবর পেয়ে সোমবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এরপর সকালে আসামিদেরকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
