কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে কারারক্ষীর মৃত্যুদণ্ড
খাইরুল যৌতুকের দাবিতে রুমাকে নির্যাতন করে গুরুতর আহত করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পিপি।
কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় এক কারারক্ষীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) এম এ আফজাল জানান।
দণ্ডিত খাইরুল ইসলাম (২৯) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাচাইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বরাত দিয়ে পিপি আফজাল বলেন, ২০১৮ সালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আব্দুল মান্নানের মেয়ে রুমা আক্তারের সঙ্গে কারারক্ষী খাইরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর খাইরুল ও রুমা কারাগারের কোয়ার্টারেই থাকতেন।
তিনি বলেন, বিয়ের তিনমাস পর খাইরুল যৌতুক দাবি করলে রুমার বাবা তাকে তিন লাখ টাকা দেন। এর কিছুদিন পরেই মোটরসাইকেল কেনার জন্য খাইরুল আবার দুই লাখ ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন।
কিন্তু রুমার বাবা টাকা দিতে অপারগ হওয়ায় রুমাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন খাইরুল।
পিপি আরও বলেন, এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ ডিসেম্বর আবারও যৌতুকের জন্য রুমাকে কারাগারের স্টাফ কোয়ার্টারে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করেন খাইরুল।
খবর পেয়ে পরদিন রুমার মা এসে প্রথমে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি ঘটলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ২৯ ডিসেম্বর রুমার অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রুমার মা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে ২০২১ সালের ৩১ জুলাই তদন্তকারী কর্মকর্তা খাইরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় বিচার কাজ শেষে বৃহস্পতিবার আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
