খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘরে ঢুকে দম্পতিসহ একই পরিবারের চার সদস্যকে গুলির ঘটনা ঘটেছে। তবে কেউ নিহত হননি।
বৃহস্পতিবার সকালে উপজেলার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান।
আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুল ইসলামের স্ত্রী ফাহিমা।
আহতদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
ওসি তুহিনুজ্জামান বলেন, সকাল সাড়ে ৬টার দিকে একদল লোক ঘরে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে রঞ্জুয়ারা ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় ছয়জন জড়িত ছিল; যাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি তুহিনুজ্জামান।
গুলিবিদ্ধ ফাহিমা বলেন, সাত থেকে আট মাস আগে আগের স্বামী ইমরানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি বিয়ে করেন। ভোরে তার সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর গুলি চালান।
স্থানীয়রা জানান, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে তার সঙ্গে ইমরানের পরিচয় হয়। পরে সেই সূত্রে রাশিদুলের সঙ্গে ইমরানের পরিবারের যোগাযোগ গড়ে ওঠে।
এক পর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হয়। প্রায় ছয় মাস আগে ইমরান আবার একটি মামলায় কারাগারে গেলে ফাহিমাকে বিয়ে করেন রাশিদুল।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
