২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কংক্রিট-মিক্সার ট্রাক চাপায় প্রাণ গেল নানি-নাতনির

ওসি জানান, ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছেন চালক ও তার সহকারী।

টঙ্গীতে কংক্রিট-মিক্সার ট্রাক চাপায় প্রাণ গেল নানি-নাতনির

ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2022, 10:25 PM

Updated : 23 Sep 2022, 10:40 PM

গাজীপুরের টঙ্গীতে কংক্রিট-মিক্সার ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী এক বৃদ্ধা ও তার নাতনির মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অটোরিকশা চালক ও নিহত শিশুটির মা।

শুক্রবার বিকাল ৫টার দিকে টঙ্গীর শিলমুন ক্যাথারসিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরকমর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী রওশন আরা বেগম (৫০) ও ছয় মাস বয়সী রাইসা ইসলাম।

শিশুটির মা রিতা আক্তার (২৩) ও ইজিবাইক চালক রুবেল (৩২) আহত অবস্থায় ক্যাথারসিস হাসপাতালে আছেন।

Image

নিহত ও আহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশায় ছিলেন

ওসি আশরাফুল জানান, বিকালে জয়দেবপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে টঙ্গীর মরকুন যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী অটোরিকশাটি ওই হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আকিজ সিমেন্টের একটি মিক্সার ট্রাক বাহনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রওশন আরা ও তার কোলে থাকা শিশু রাইসা মারা যায়। আহত হন রিতা আক্তার ও ইজিবাইক চালক রুবেল।

ওসি আরও জানান, ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছেন চালক ও তার সহকারী।

নিহতদের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।