২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি-মারধর: সংবাদ সম্মেলন করে প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

অভিযোগে বলা হয়, এ নিয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনে অন্তত আটটি অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে এ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 08:51 PM

Updated : 26 Dec 2023, 09:04 PM

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই আসনের বর্তমান নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু চান্দিনা উপজেলা সদরে তার নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন।

যদিও এর পরপরই আরেকটি ওই এলাকায় আরেকটি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রাণ গোপাল।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে বলা হয়, ‘ধারাবাহিক’ হামলায় চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ভোটারদের মধ্যে ‘ভীতি’ কাজ করছে। আহতদের মধ্যে ৭/৮ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ নিয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনে অন্তত আটটি অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে এ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।

টিটু বলেন, “চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমার ঈগল প্রতীকের সঙ্গে আছে। এখানে দলের অধিকাংশ নেতাকর্মী নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে নেই। এ কারণে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্ত ও তার অনুসারীরা আমার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়াসহ সহিংসতা করছে।

“এছাড়া ‘বহিরাগত সন্ত্রাসীদের’ জড়ো করে কেন্দ্র দখলের পরিকল্পনাসহ পাঁচটি মাইক্রোবাস ও ১০/১৫টি মোটরসাইকেলে করে এলাকায় বিপজ্জনক মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে।“

নৌকার কর্মীদের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন এ স্বতন্ত্র প্রার্থী।

তিনি বলেন, “পুলিশ আমার নেতাকর্মী ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমি অভিযোগ দিলে কাজ করে না। এভাবে নির্বাচন হয় না। সারাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর এই আসনে ২০ ডিসেম্বরের পর থেকে লাগাতার হামলা হচ্ছে।

“আমাদের দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। এমন নির্বাচন প্রত্যাশা করিনি। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিবো।”

সংবাদ সম্মেলনে মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, “সোমবার চান্দিনা থানার এসআই নোমান একটি সভা থেকে আমাকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আমাকে বলেন, এলাকা থেকে সরে যা। আমি জিগেস করলাম কেন? তিনি বলেন, না হয় তোকে গ্রেপ্তার করতে হবে; ওপরের নির্দেশ আছে।

“আমি জিগেস করলাম, কিসের নির্দেশ? তিনি আমাকে বললেন, চল আমি প্রাণ গোপাল দত্তের সাথে যোগাযোগ করিয়ে দেই।”

সুবিল ইউনিয়ন চেয়ারম্যান ইমন হোসেন সরকার অভিযোগ করেন, “আমাকে ফোন দিয়েছে থানার সেকেন্ড অফিসার রাকিব। আমার ইউনিয়নের শালিকা এলাকার একটি ঘটনা নিয়ে তিনি আমাকে ফোন করে বলেন, আপনি বাড়ি থাকেন আমি আসতেছি।

“আমি বললাম আপনি আসেন। তিনি এক পর্যায়ে বলেন, আপনি নিজের ভালো চাইলে নৌকার জন্য কাজ করেন।”

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাৎ হোসেন মজুমদার, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হারুন অর রশিদ, অহিদুর রহমানসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের তার অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং পুলিশের হয়রানির বিষয়ে তিনি অবগত নন দাবি করে নৌকার প্রার্থী প্রাণ গোপাল বলেন, “আমি থানা ও প্রশাসনের সব অফিসারকে চিনিও না। আর তারা প্রশসনের লোক। তারা কেন নৌকার কাজ করবে? এসব অভিযোগ মিথ্যা।”

আর চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, “পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, তা, তো আমাকে আগে জানানোর কথা। কিন্তু এসবের কিছুই আমাকে জানানো হয়নি।”