গোপালগঞ্জে ‘স্মার্ট পশুর হাট’, লবণ ফ্রি
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মত চালু হয়েছে ‘স্মার্ট পশুর হাট’, যেখানে স্মার্ট ফোনে কিউআর কোড স্ক্যান করেই লেনদেন সারতে পারছেন ক্রেতা-বিক্রেতারা।
টুঙ্গিপাড়ার পাটগাতীতে এই স্মার্ট পশুর হাটের মোট ছয়টি হাট চালু হয়েছে জেলার পাঁচ উপজেলায়। গোপালগঞ্জের ডিসি কাজী মাহবুবুল আলম রোববার এসব হাটের উদ্বোধন করেন।
হাটগুলো হচ্ছে: গোপালগঞ্জ পৌরসভায় মানিকদাহ হাউজিং প্রকল্প, সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তালা কেকানিয়া পশুর হাট, মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজার, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি পশুর হাট, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি পশুর হাট ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পশুর হাট।
সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংক এসব হাটে লেনদেনে সহযোগিতা দিচ্ছে।
এ পদ্ধতিতে নগদ টাকায় লেনদেন হয় না। শুধু স্মার্ট ফোনে কিউআর কোড স্ক্যান করে অনলাইনে ক্রেতা-বিক্রেতারা টাকা লেনদেন করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি ঘোষণা দেন, এসব পশুর হাট থেকে একটি গরু কিনলে ১০ কেজি ও একটি ছাগল কিনলে ৫ কেজি লবণ বিনামূল্যে দেওয়া হবে।
ক্যাশলেস পশুর হাটের প্রথম গরু ক্রেতা মঈনুল ইসলাম অপুকে ১০ কেজি লবণ উপহার দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়।
অপু বলেন, “এটা সুন্দর উদ্যোগ। ক্রেতাদের লবণ ফ্রি দেওয়ায় ক্যাশলেস পশুরহাট নিয়ে বাড়তি আকর্ষণ সৃষ্টি হয়েছে। এসব হাটে নগদ টাকা লেনদেনে ঝামেলা নেই। এতে পশু কেনাকাটায় সুবিধাও হয়েছে।
এ উদ্যোগের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।
ক্যাশলেস হাটে প্রথম গরু বিক্রেতা অন্তর মণ্ডল। তিনি বলেন, “প্রায়ই গরুর হাটে টাকা ছিনতাই, জাল টাকাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু ক্যাশলেস পশুর হাটে এই বিড়ম্বনা বা হয়রানি নেই।
“আর গরু বিক্রি করে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকেও যেতে হয় না। এখানে বসেই সব লেনদেন হয়। আর এই লেনদেনে কোনো খরচ নেই।”
পদ্ধতিটি ভালো লেগেছে জানিয়ে অন্তর মণ্ডল বলেন, এটি সব হাটে চালু করলে ক্রেতা-বিক্রেতা দুপক্ষই উপকৃত হবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের ভাষ্য, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে জেলায় এই প্রথম ক্যাশলেস পশুর হাট উদ্বোধন করা হয়েছে। ক্যাশলেস কেনাকাটায় টাকা বহনের কোনো ঝামেলা নেই। এই পদ্ধতিতে জাল টাকা, চুরি, ছিনতাই ও টাকা হারানোর কোনো ভয়ও নেই। আর এই সেবা গ্রহণে কোনো পক্ষেরই টাকা খরচ হচ্ছে না ।
“এই হাট জনপ্রিয় করতে লবণ ফ্রি দেওয়া হচ্ছে। এই লবণ দিয়ে ক্রেতারা সঠিকভাবে চামরা সংরক্ষণ করতে পারবেন; এতে তারা চামড়ার ন্যয্যমূল্য পাবেন। ভালো মানের চামড়া পেয়ে দেশের চামড়াশিল্প উপকৃত হবে।”
“এ বছর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ছয়টি পশুর হাটে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। আগামী বছর জেলার সব পশুর হাট ক্যাশলেস করা হবে,” বলেন কাজী মাহবুবুল আলম।
