২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ধানক্ষেতে পড়েছিল ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ

চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দিনাজপুরে ধানক্ষেতে পড়েছিল ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ

দিনাজপুরের ঘোড়াঘাট থানা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 02:12 PM

Updated : 17 Oct 2023, 02:11 PM

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধানক্ষেত থেকে এক অটোভ্যান চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

নিহত মেহেদুল ইসলাম (৫২) ঘোড়াঘাটের রানীগঞ্জ আব্দুল্লাহ পাড়া এলাকার বাসিন্দা মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যানের চালক ছিলেন।

ওসি আসাদ জানান, সকালে স্থানীয়রা ডাঙ্গাপাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেতে মেহেদুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, মেহেদুল ইসলামের ভ্যানটির সন্ধান মিলেনি, তাকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।