৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
“শ্রম সচিব বলেছেন, সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ছয় কোটি টাকা অনুদান হিসাবে দিবে।”
সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। এতে দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো ব্যস্ততম এ মহাসড়ক।
সোমবার বেলা ২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে এ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম।
সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল থেকে এ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন গাজীপুর নগরীর মালিকের বাড়ি এলাকার ‘টিএনজেড গ্রুপের’ ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা মহাসড়কে চট, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ-অবরোধ পালন করেন।
টানা অবরোধে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা।
পরে সোমবার বেলা ১টার দিকে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া, সেনাবাহিনী, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
এতেও শ্রমিকরা মহাসড়ক ছাড়তে নারাজ ছিলেন। তাদের দাবি ছিল- কারখানায় মালিকপক্ষ অথবা মালিক নিজে এসে বকেয়া বেতন পরিশোধ করবে, তারপরে তারা মহাসড়ক থেকে সরে যাবে।
এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মোবাইলে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ বলেন, “শ্রম মন্ত্রণালয়ের মাননীয় সচিব শ্রমিকদের উদ্দেশ্যে মোবাইল ফোনে বক্তব্য রাখেন। তার ওই বক্তব্য সেখানকার মাইকে প্রচার করা হয়।
“শ্রম সচিব বলেছেন, সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ছয় কোটি টাকা অনুদান হিসাবে দিবে। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কিভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে দিবে।
“এসময় তিনি শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেছেন- আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিন, আমরা অপেক্ষায় আছি।”
পরে এমন সরকারের পক্ষ থেকে এমন আশ্বাসের ভিত্তিতে দুপুর ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদ মিয়া বলেন, “শ্রমিকদের এক মাসের বেতন আগামী রোববার প্রদান করা হবে বলে মুঠোফোনে শ্রম সচিব প্রতিশ্রুতি প্রদান করেন। তাদের বাকি পাওনাদি নিয়ে কিভাবে পরিশোধ করা যেতে পারে সে ব্যাপারেও স্যারেরা আলোচনা করবেন। এই আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা আজকের মতো মহাসড়ক ছেড়ে দিয়েছেন।”
পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের চেষ্টায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।
