২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোমরে পিস্তলসহ ছবি ভাইরাল, সমালোচনার মুখে চেয়ারম্যান

পিস্তলটি ওই চেয়ারম্যানের নামে লাইসেন্স করা হলেও তা এভাবে প্রদর্শন জনমনে ‘ভীতি সৃষ্টি করেছে’ বলে প্রশাসনসহ অনেকের অভিমত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 10:09 PM

Updated : 19 Feb 2023, 10:09 PM

কোমরে পিস্তলসহ কুমিল্লার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা চলছে।

খলিলুর রহমান নামের এই ব্যক্তি কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার সন্ধ্যায় ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায় দুইজন ব্যক্তির হাত থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় চেয়ারম্যানের কোমরের ডানপাশে রাখা ছিল পিস্তলটি।

পিস্তলটি চেয়ারম্যান খলিলুর রহমানের নামে লাইসেন্স করা হলেও এভাবে প্রদর্শন জনমনে ‘ভীতি সৃষ্টি করেছে’ বলে প্রশাসনসহ স্থানীয় অনেকের অভিমত।

বিষয়টি নিয়ে জেলা পুলিশের একাধিক কর্মকতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ নম্বরের ক অনুচ্ছেদে বলা হয়েছে: কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্স এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার জন্য নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না।

এ প্রসঙ্গে জানতে চাইলে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “ছবিটি ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যানের। ওই চেয়ারম্যান অস্ত্রের লাইসেন্স পাওয়ার পর থানায় এসে এন্ট্রি করে গেছেন। তবে এভাবে কোমরে অস্ত্র রাখার বিষয়টি নিয়ে আইনে কী বলা আছে, তা দেখে পরে মন্তব্য করব।”

এ বিষয়ে চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, “আমার এই অস্ত্রের লাইসেন্স আছে। জেলা প্রশাসন থেকে লাইসেন্স পাওয়া অস্ত্র আমার সঙ্গে রাখতে পারব। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি কোনো ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য অস্ত্র রাখিনি।”

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, “বরুড়ার ওই ইউপি চেয়ারম্যানের প্রকাশ্যে কোমরে অস্ত্র রাখার একটি ছবি আমাদের কাছে এসেছে। বিষয়টি তদন্ত করে শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, “ফেইসবুকে ওই ছবিটি আমি দেখেছি। চেয়ারম্যান যেভাবে কোমরে পিস্তলটি রেখেছেন যেকোনো মানুষের মনে ভীতি সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের কাছে অনুরোধ করব ওই চেয়ারম্যানের লাইসেন্স যদি থেকেই থাকে তবে সেই লাইসেন্স বাতিল করে যত দ্রুত সম্ভব তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হোক। তিনি এভাবে অস্ত্র প্রদর্শন করে মানুষের মনে ভয়ের সঞ্চার করছেন বলে মনে হচ্ছে।”