বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষক-কর্মচারীদের সংহতি
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক-কর্মচারীরা।
বৃহস্পতিবার এ দাবিতে শিক্ষক-শিক্ষার্থী সংহতি ব্যানারে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের মজুরিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরও অংশ নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুজয় বিশ্বাস শুভ বলেন, উপাচার্যের পদত্যাগে শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষকরাও অংশ নিয়েছেন। তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।
সুজয় বিশ্বাস শুভ আরো বলেন, “শুক্রবার গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা জেনেছি, ভর্তি পরীক্ষায় উপাচার্যের উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাই উপাচার্যকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব।”
তিন বলেন, এছাড়া শনিবার ক্যাম্পাসে মশাল মিছিল হবে। এরপর কমপ্লিট শাডডাউন কর্মসূচি শুরু হবে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর এটিএম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের নামে যে মামলা দেওয়া হয়েছে, এর সঙ্গে আমি একমত নই। আমি তখন প্রক্টর ছিলাম, কিন্তু মামলার বিষয়ে আমি কিছুই জানতাম না। সম্প্রতি একটি জিডি হয়েছে, এর সঙ্গেও আমি একমত নই। আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা কেন মামলা খাবে? তাদের ভবিষ্যৎ আছে, তাদের জীবনে কেন কলঙ্কের দাগ লাগবে? আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক মুহসিন উদ্দিন স্যারকে সম্প্রতি একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটা আমি পড়েছি এবং এই ধরনের ভাষা কোনোভাবেই কাম্য নয়।”
সংহতি সমাবেশ ও সংবাদ সম্মেলনে অধ্যাপক মুহসিন উদ্দিন বলেন, “আমাকে অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা থেকে বেআইনি ও সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে। আমাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অপমানজনকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। আমাদের প্রতিষ্ঠানের আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে, কীভাবে কাউকে এসব পদে অন্তর্ভুক্ত বা অব্যাহতি দেওয়া যাবে। অথচ সেই আইনকে উপেক্ষা করে, কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই আমাকে অপসারণ করা হয়েছে। এ ধরনের আচরণ প্রশাসনিক স্বেচ্ছাচার ও দমননীতির স্পষ্ট প্রমাণ।”
কোস্টাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনকে দমানোর জন্য তাদের বিরুদ্ধে মামলা করা স্বৈরাচারের শামিল। এছাড়া উপাচার্য অনেক শিক্ষকের পদোন্নতি ঝুলিয়ে রেখেছেন। যা শিক্ষকদের মাঝে বঞ্চনাজনিত ও অসন্তুষ্ট প্রকাশ পেয়েছে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বৈরাচারী, অপেশাদার আচরণ, দুর্নীতিগ্রস্ত ও অদক্ষতার কারণে বিশ্ববিদ্যালয় দিন দিন চরম অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি।”
এ বিষয়ে উপাচার্য শুচিতা শরমিন বলেন, “আমি শুধু এইটুকুই বলব, শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হোক।”
আরো পড়ুন:
