১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে গেছে ট্রেনিং সেন্টারসহ ৫ স্থাপনা

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে গেছে ট্রেনিং সেন্টারসহ ৫ স্থাপনা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে বেশ কিছু স্থাপনা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 03:46 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা পুড়ে গেছে।

রোববার বেলা সাড়ে ১২টায় উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

স্থানীয়দের বরাতে আরিফ বলেন, দুপুরে বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত ট্রেনিং সেন্টারটিতে আকস্মিক আগুন লাগে। আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

“স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  তার আগেই ভস্মিভূত হয়েছে ট্রেনিং সেন্টারটিসহ পাঁচটি স্থাপনা।“

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ট্রেনিং সেন্টারটিতে আগুনের সূত্রপাত হওয়ার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। তারপরও আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ কাজ করছে।”

একইসঙ্গে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানান তিনি।